নাটোরে অপহৃত ২ ব্যক্তি পাবনায় উদ্ধার, আটক ৪
নাটোরে অপহৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার পাবনার চাটমোহর থেকে উদ্ধার করেছে পুলিশ।
ওই ছিনতাই ঘটনায় জড়িত অভিযোগে চার ব্যক্তিকে আটক করা হয়েছে।
উদ্ধার হয়েছেন নাটোর সদরের মিরপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হেলাল উদ্দিন (৩৫) এবং ভবানীপুর গ্রামের প্রাণ মোহাম্মদের ছেলে মাসুদ পারভেজ (৩৭)।
আটকরা হলেন চাটমোহর উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মুকুল (২৮), মথুরাপু গ্রামের শাহজাহান আলীর ছেলে আলিম হোসেন (২৫), মাঝগ্রামের হাসান শেখের ছেলে হাসিনুর শেখ (২৭) ও আকবর আলীর ছেলে আব্দুর রহিম (৩৫)।
চাটমোহর থানার এসআই শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে যে, নাটের সদর উপজেলা থেকে গতরাতে অপহরণ হওয়া দুই ব্যক্তিকে মুক্তিপণের দাবিতে পাবনার চাটমোহরের মথুরাপুর কলাপাড়ায় এক বাগানে লুকিয়ে রাখা হয়েছে।
“সেইমতো বৃহস্পতিবার ভোরে চাটমোহর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার এবং চার অপহরণকারীকে আটক করে।”
এ ব্যাপারে চাটমোহর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সুব্রত কুমার।
