২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা, আটক ৪

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চে এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার বরিশাল নৌ বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বরিশাল কোতয়ালী থানার ওসি সাখাওয়াত হোসেন।

ঢাকা থেকে বরিশালগামী ‘কীর্তনখোলা লঞ্চে’ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় নিপীড়কদের হামলায় এক যুবক আহত হয়েছে বলে জানান তিনি।

আটককৃতরা হলেন-নগরীর ফকিরবাড়ি রোড এলাকার জসিমউদ্দিনের ছেলে রাজিল ও রাব্বি, কালিবাড়ি রোড এলাকার মাইকেলের ছেলে ম্যাক্সওয়েল এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মৃত নূরুজ্জামান মিয়ার ছেলে তাহমিদ।

আহত মাসুম রেজা কুষ্টিয়ার আলমপুর বালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটি জানান, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে বোনের সঙ্গে ঢাকা গিয়েছিলেন তিনি। পরীক্ষা দিয়ে মঙ্গলবার রাতে বরিশাল আসার জন্য কীর্তনখোলা-২ লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে ওঠেন তারা।

লঞ্চে ওঠার পর থেকেই পাশের ৩২৬ নম্বর কেবিনের যাত্রী ম্যাক্সওয়েল ও রাজিল তাদের নানাভাবে উত্ত্যক্ত শুরু করে বলে জানান তিনি।

তিনি বলেন, “রাত আনুমানিক ৩টার দিকে টয়লেটে যাওয়ার জন্য কেবিনের বাইরে বের হলে ম্যাক্সওয়েল ও রাজিল ধাওয়া করে এবং কেবিনে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে।

“এ সময় লঞ্চ যাত্রী মাসুম ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।”

পরে তারা চিৎকার করলে লঞ্চের অন্য যাত্রীরা এসে ম্যাক্সওয়েল ও রাজিলকে আটক করে আনসারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মেয়েটির।

ওসি বলেন, লঞ্চটি বরিশাল ঘাটে এলে পুলিশ ম্যাক্সওয়েল ও রাজিলকে আটক করে। পরে আরও ৫/৬ যুবক এসে মাসুমসহ মেয়ে দুটির উপর হামলা চালায়। এতে মাথা ফেটে যায় মাসুমের।

পরে স্থানীয়রা রাব্বি ও তাহমিদকে আটক করে পুলিশে দেয়।

এ ব্যাপারে জানতে লঞ্চ মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌসের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।