২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনপল্লী থেকে দুবছরে উদ্ধার ৪৩ কিশোরী

ফরিদপুর সদরের রথখোলা ও সিঅ্যান্ডবি ঘাট যৌনপল্লী থেকে গত দুই বছরে ৪৩ জন নারীকে উদ্ধার করার কথা জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 07:14 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

এরমধ্যে গত বুধবার বগুড়া ও ফরিদপুরের দুই কিশোরীকে উদ্ধার করে বলে জানান ‘শাপলা মহিলা সংস্থা’র কর্মকর্তারা।

যৌনপল্লীতে যৌনকর্মীদের নিয়ে কাজ করা শাপলা মহিলা সংস্থা শুক্রবার ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে তাদের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য প্রকাশ করে।  

গত বুধবার উদ্ধার করা দুই কিশোরীর বাড়ি বগুড়া ও ফরিদপুর জেলায়।

সংস্থার প্রকল্প কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, বগুড়ার ১৫ বছরের ওই কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি করতে চাইলে দালালদের খপ্পরে পড়ে।

“দালালরা তাকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ফরিদপুরে এনে পতিতালয়ে বিক্রি করে দেয়।”

প্রশান্ত আরও জানান, ফরিদপুরের ১৬ বছর বয়সী কিশোরীর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সুযোগ নেয় স্থানীয় একটি প্রতাকর চক্র।

“তারা চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে দৌলতদিয়া পতিতালয়ে বিক্রি করে দেয় মেয়েটিকে। পরে সেখান থেকে আনা হয় ফরিদপুরের পতিতালয়ে।”

প্রশাসনের সহায়তায় তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান প্রশান্ত।

তিনি আরও বলেন, গত দুই বছরে উদ্ধার হওয়া ৪৩ নারীর মধ্যে ৩৭ জনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, ছয়জনকে এখনও পরিবারের কাছে পাঠানো যায়নি। তারা বর্তমানে সমাজসেবা বিভাগের সেইফ হোমে রয়েছেন।

শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল জানান, কখনও ভালো চাকরি আবার কখনও প্রেমের ফাঁদে ফেলে বা বিয়ের কথা বলে এসব মেয়েকে নিয়ে আসা হয়।

“এক পর্যায়ে তাদের পতিতালয়ে বিক্রি করে দেয় প্রতারক চক্র।”

এই প্রতারক চক্রে স্থানীয় সন্ত্রাসী ও ‘প্রশাসনের’ কিছু লোক জড়িত বলে দনে করেন চঞ্চলা।

খবর পাওয়ার পর ওইসব মেয়েকে উদ্ধারে নানা ঝামেলা পোহাতে হয় বলেও জানান তিনি।

সংস্থার উপদেষ্টা শ্যামল প্রকাশ অধিকারী জানান, ফরিদপুরের দুটি যৌনপল্লীর যৌনকর্মীদের সুরক্ষা ও নতুনদের আগমন রুখতে ১৯৯৭ সাল থেকে কাজ করছে শাপলা মহিলা সংস্থা।

বর্তমানে সংস্থাটি ‘আরশী’ প্রকল্পের আওতায় দুইটি পতিতালয়সহ ১৩ মাদ্রাসার শিক্ষার্থী ও ২২টি হোটেলে কর্মরত কিশোর-কিশোরীদের এইচআইভি ও যৌন বিষয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছে বলে জানান শ্যামল অধিকারী।