শিক্ষকদের বিষয় পর্যালোচনা করে চূড়ান্ত হবে: ইনু
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় শিক্ষকদের দাবির বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি শিক্ষকদের পে স্কেলে যেভাবে সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে তা পেতে থাকবেন।
“তাদের ব্যাপারে মন্ত্রী পরিষদের একটা গুরুত্বপূর্ণ সংস্থার মধ্য দিয়ে পুরো বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
শিক্ষকদের আন্দোলন সর্ম্পকে মন্ত্রী আরও বলেন, একটা প্রস্তাব উত্থাপন করার সঙ্গে সঙ্গে ধর্মঘট করার তো দরকার নেই।
“শিক্ষকরা তো শিক্ষিত মানুষ। একটা প্রস্তাব উত্থাপন করা হলে তা বিবেচনা করতে তো সময় লাগবে। প্রস্তাব পরীক্ষা করার সময় না দিয়ে ক্লাস বর্জন করছেন, এটা সঠিক নয়, শিক্ষকদের জন্য মর্যাদাপূর্ণ নয়।”
সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চারটি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন ইনু।
ওই সময় তিনি বলেন, খালেদা জিয়া বিদ্যুৎ উৎপাদন না করে জঙ্গি উৎপাদন করেছেন, আর শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করে বিদুৎ উৎপাদন করেছেন।
বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা পরিষদ প্রাঙ্গণে বিপ্লবী বাঘা যতীনের শততম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনারকলি মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
