রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে পটুয়াখালীতে আটক ৫
পটুয়াখালী সদর উপজেলায় পাঁচ বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে বিভিন্ন উপজেলার এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে।
তবে আটকদের স্বজনের দাবি, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে তাদের আটক করা হয় বলে পুলিশ তাদের জানিয়েছে।
আটকরা হলেন, সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মো. সলেমান মৃধা (৯০), গিলাবুনিয়ার মো. ইসহাক সিকদার (৮০), গলাচিপা গ্রামের ছত্তার প্যাদা (৭৫), গণি হাওলাদার (৭০) ও আউয়াল মৌলভী (৭০)।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩ সেপ্টেম্বর থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধানে আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সদস্যরা পটুয়াখালীতে কাজ শুরু করেছেন।
“ইটবাড়িয়া এলাকার পাঁচজনকে আটক করা হয়েছে, উপর মহলের নির্দেশ আছে।”
এর বাইরে এখন কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন এবং এ ব্যাপারে পরে জানানো হবে বলে জানান তিনি।
আটক গণি হাওলাদারের ছেলে মো. কাইয়ুম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে পুলিশের লোক তার বাবাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
“বিষয়টি জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা জানান, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন বলে তাকে আটক করা হয়েছে।
”তার বাবাসহ আটক সবাইকে সদর থানায় রাখা হয়েছে বলে জানান কাইয়ুম।
সলেমান মৃধার ভাতিজা মো. সানু মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো মামলা ছাড়াই তার চাচাকে রাত ১টার দিকে পুলিশ ধরে নিয়ে গেছে।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে তার চাচা সলেমান মৃধা পাশের কাসেম খাঁর বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাকে আটক করে।”
সলেমান মৃধার ছেলে আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেউ হয়ত শক্রতা করে যুদ্ধাপরাধীর লিস্টে তার বাবার নাম উঠিয়ে দিয়েছে।
