রাজন হত্যা মামলা জজ আদালতে স্থানান্তর
শিশু সামিউল আলম রাজন হত্যা মামলা বিচারের জন্য সিলেট মহানগর হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার মহানগর হাকিম আদালতের বিচারক শাহেদুল করিম শুনানি নিয়ে মামলাটি স্থানান্তরের আদেশ দেন। জজ আদালতে আগামী ১৬ সেপ্টেম্বর মামলাটি উঠবে।
এ মামলায় গ্রেপ্তার ১০ আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাঈদা খানম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠনসহ সব কার্যক্রম চলবে।”
রাজনের বাবা আজিজুর রহমানও এদিন আদালতে উপস্থিত ছিলেন।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়।
ঘটনার তদন্ত শেষে গত ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
আসামিরা হলেন- কামরুল ইসলাম, তার ভাই আলী হায়দার, মুহিত আলম, শামীম আহমেদ; ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ, আয়াজ আলী ও পাভেল আহমেদ।
এদের মধ্যে পলাতক কামরুল, শামীম ও পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের আদালতে হাজির হতে বলে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
রাজন হত্যার পরদিন কামরুল সৌদি আরবে পালিয়ে গেলেও প্রবাসীদের সহযোগিতায় সেখানে তাকে আটক করা হয়। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
