মন ভালো নেই কালাচানের হিরুর
সাফারি পার্কে মুক্ত পরিবেশে নতুন সঙ্গীদের পেয়েও মনমরা ভাব কাটেনি রাঙামাটি থেকে আসা ভালুক শাবক হিরুর।
খাওয়া-দাওয়া, ঘোরা-ফেরায় মন নেই; নতুন বন্ধুদের সঙ্গেও তেমন ভাব জমে ওঠেনি। ঘুমিয়ে-ঝিমিয়ে প্রথম দুই দিন পার করতে দেখা গেছে তাকে।
জন্মের পর থেকে রাঙামাটির পাহাড়ি এলাকার জুমচাষি কালাচান চাকমার কাছে লালিত পালিত হওয়া হিরুকে শনিবার গাজীপুরের সাফারি পার্কে অবমুক্ত করা হয়। পার্কে আগে থেকে ছিল বাচ্চাসহ মোট ১২টি ভালুক।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ব্যবস্থাপক শিব প্রসাদ ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিরুকে বেশ মনমরা দেখাচ্ছে। খাওয়া-দাওয়ায় তেমন আগ্রহ নেই, শুধু ঘুমাচ্ছে আর ঝিমাচ্ছে। কালাচানবিহীন হিরুর সময় যেন কাটছে না।”
এক বছর আগে রাঙামাটির পাহাড়ি এলাকা সাজেকের বনে একটি মৃত ভালুকের পাশে দুটি ভালুক শাবক পেয়ে সেগুলোকে বাড়িতে নিয়ে আসেন কালাচান।
কয়েকদিনের মধ্যেই একটি শাবক মারা যায়। পরে কালাচান জীবিত বাচ্চাটির নাম রাখেন হিরু।
পরিবারের সদস্যের মতই এই ভালুক শাকককে ভাত, শাক সবজি খাইয়েছেন এই কৃষক। নিজ হাতে প্রায় এক বছর দুইমাস লালন করেছেন তিনি। তবে এতদিন শেকলেই বেঁধে রাখা হয়েছিল হিরুকে।
ধীরে ধীরে বড় হতে থাকা এই পোষাপ্রাণিটিকে চলতি মাসের ১ তারিখে চট্টগ্রাম বনবিভাগের কাছে হস্তান্তর করেন কালাচান।
শুক্রবার চট্টগ্রাম থেকে ভালুকটিকে পাঠানো হয় সাফারি পার্কে।
বন কর্মকর্তা শিব প্রাসাদ বলেন, “নতুন পরিবেশে খাপ খাওয়াতে হিরুর কিছু সময় লাগতে পারে। পার্কের অন্য ভালুকদের সঙ্গে সখ্যতা গড়ে উঠলে হিরুর মন ভালো হয়ে উঠবে; সময়ও কাটবে।”
সংরক্ষক তপন কুমারদে জানান, হিরু ‘এশিয়াটিক ব্ল্যাক বিয়ার’ প্রজাতির সদস্য। সাফারিপার্কে এ প্রজাতির আরও ভালুক রয়েছে।
প্রকৃতিতে এ ধরনের ভালুকের গড় আয়ু ৩৫-৪০ বছর এবং আবদ্ধ পরিবেশে ৪৫-৫০ বছর। বছরে তারা এক থেকে দুইটি করে বাচ্চা প্রসব করে।
পার্কের ভাল্লুক বেষ্টনীতে হিরুকে অবমুক্ত করা হয়।
