কক্সবাজারে অস্ত্র-বিস্ফোরকসহ ২ ‘জঙ্গি’ আটক
কক্সবাজারে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ জঙ্গি সন্দেহে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র্যাব।
রোববার সকাল ৬টায় কক্সবাজার শহরের খুরুশকুল ব্রিজ এলাকার একটি বাড়ি থেকে গোলাবারুদ উদ্ধার ও মোহাম্মদ রফিককে (২৬) আটক করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় মোহাম্মদ ইউনুসকে (৩৫) আটক করে র্যাব।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আটক অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে চীনের তৈরি একটি পিস্তল, পিস্তলের দুটি খালি ম্যাগাজিন, দুটি পিস্তলের গুলি, একটি এসএমজির গুলি, একটি শটগানের গুলি, একে-৪৭-এর পাঁচটি বেয়নেট, দুটি ছোরা, ক্যাবল টাইস (হাত-পা বেঁধে রাখার সরঞ্জাম) ৫০টি, হাইড্রোজেন পারক্সাইড ১০০ মিলিলিটার, কালো রঙের মুখোশ ১০টি, চুনের গুঁড়া সাড়ে ১৬ কেজি, নাইট্রিক এসিড ১০ লিটার, গন্ধকের গুঁড়া ২০ গ্রাম, ফিটকিরি এক কেজি ৩০০ গ্রাম, পাঁচটি মোবাইল ফোন সেট, জার্সি ছয়টি ও ট্রাউজার্স ছয়টি।
মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, র্যাবের অভিযানকারী দল শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কালুর দোকান এলাকা থেকে মোহাম্মদ ইউনুসকে আটক করে।
“পরে ইউনুসের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজার শহরের খুরুশকুল ব্রিজ এলাকায় ইউনুসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোহাম্মদ রফিককে আটক করে। ওই সময় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
“আটক দুজনই রোহিঙ্গা। তারা চার বছর আগে বাংলাদেশে এসে চট্টগ্রামের পটিয়ায় বসবাস শুরু করেন। চার-পাঁচ মাস আগে কক্সবাজার শহরে আসেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেজর মহিউদ্দিন বলেন, আটক রোহিঙ্গারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে মেজর মহিউদ্দিন বলেন, “বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় রোহিঙ্গা জঙ্গিদের তৎপরতার ব্যাপারে র্যাবের কাছে তথ্য রয়েছে। তবে জঙ্গিদের গোপন আস্তানা বা কোনো প্রশিক্ষণ ক্যাম্প আছে কি না এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই।”
আটক রোহিঙ্গাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর ও মামলা করা হবে বলে জানান মেজর মহিউদ্দিন।চট্
