সৈয়দপুরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে ইউএস বাংলা
ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ৭৪ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ইউএস বাংলার সৈয়দপুর ইনচার্জ রাকিব মুস্তাকিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তাদের সরিয়ে নেওয়া হয়েছে।”
ঢাকা থেকে ৭৪ জন যাত্রী নিয়ে সৈয়দপুর আসা ইউএস বাংলার এই উড়োজাহাজটি ৪৬ জনকে নিয়ে আবার ফিরে যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।
এতে উড়োজাহাজের কোনো ক্ষতি হয়েছে কি না- প্রাথমিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা থেকে হেলিকপ্টারে করে ইউএস বাংলার প্রকৌশলীরা সৈয়দপুরে গেছেন বলে এ বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
