২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘সবচেয়ে বড়’ ডিজিটাল ঘড়ি

রাজশাহী শরতলীর একটি গ্রামে ৭৮৫ বর্গফুটের একটি ডিজিটাল ঘড়ি তৈরি করেছে কয়েকজন যুবক, যাদের দাবি এটাই বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ঘড়ি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 01:06 PM

শহরতলীল কাপাশিয়া গ্রামের সরদার পাড়ার কয়েকজন যুবকের তৈরি এ ঘড়িটি শুক্রবার সন্ধ্যায়  আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

রাতের বেলা যার সময় দেখা যাবে অন্তত ১০ কিলোমিটার দূর থেকে।

ঘড়ির প্রধান উদ্ভাবক আকুল হোসেন মিঠু বলেন, সুযোগ সুবিধা পেলে ডিজিটাল বাংলাদেশ গড়তে গ্রামের যুবকরাও অবদান রাখতে পারে এটি জানান দিতেই এই বিশাল ঘড়ি তৈরি করা হয়েছে।

১৭ দশমিক ৫ ফুট উঁচু আর ৪৪ দশমিক ৯ ফুট প্রস্থ ঘড়িটি তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছে বলে জানান তিনি।

মিঠু বলেন, বিদ্যুৎ চালিত মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে সফটওয়্যার দিয়ে চালিত ঘড়িটি তৈরি হয়েছে ৪৬টি রড বাল্ব, স্টিলের বডি আর বাঁশের ফ্রেম দিয়ে। খরচ হয়েছে আড়াই লাখ টাকা।

এলাকবাসীর সহযোগিতায় তারা ঘড়িটি নির্মাণ করেছেন বলে জানান তিনি।

মিঠু বলেন, তিন বছর আগে রাজশাহী থ্রি ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ১৫ দিনের মাইক্রো কন্ট্রোলার বিষয়ে প্রশিক্ষণ বিভিন্ন বইপত্র ঘেঁটে এবং ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে বছর দুয়েক আগে এলাকার কয়েকজন যুবককে নিয়ে শুরু করি কাজ।

শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘড়িটির উদ্বোধন করেন মিঠু বাবা কাটাখালি পৌরসভার কাউন্সিলর মনতাজ সরদার।

ঘড়িটি রাতের বেলা অন্তত ১০ কিলোমিটার দূর থেকেও দেখা যাবে।ঘড়িতে এলইডি বাল্ব সংযোজন করতে পারলে দিনের বেলাতেও দূর থেকে সময় দেখা যাবে বলে দাবি করেন মিঠু।

মিঠুকে সহায়তাকারী ফজলুল হক বলেন, “আমরা খুব আনন্দিত। এই ধরনের কাজ করতে পেরে নিজেরা গর্বিত। তবে এর জন্যই মিঠুর অবদানই বেশি।”

এদিকে উদ্বোধনের পর দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ ঘড়িটি দেখতে যাচ্ছেন। তাদের দাবি এই ঘড়িকে যেন গিনেজ বুকে ঠাঁই দেওয়া হয়।