বেনাপোলে বিরল প্রজাতির কচ্ছপ আটক
ভারত থেকে অবৈধ পথে আনার বিরল প্রজাতির ১৮০টি রঙিন কচ্ছপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার বিকেলে বেনাপোলের রাজাপুর গ্রাম থেকে কচ্ছপগুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব আলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একদল চোরাকারবারী কচ্ছপের একটি চালান নিয়ে পুটখালি সীমান্ত পার হয়ে রাজাপুর গ্রামে অবস্থান করছে এ সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে চালানটি আটক করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর ১৮০টি কচ্ছপ পাওয়া যায়।
কচ্ছপগুলি বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। পরে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান আইয়ুব।
