সাগরে মাছধরার নৌযানে ডাকাতি, অর্ধশত জেলে অপহৃত
বঙ্গোপসাগরে মাছ ধরার একাধিক নৌযানে ডাকাতি হয়েছে এবং অর্ধ শতাধিক জেলেকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার রাত ৩টার দিকে বঙ্গোপসাগরের ডুবো জাহাজ পয়েন্টে জলদস্যুরা জেলেদের উপর হামলা চালায় বলে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন।
বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ডুবো জাহাজ পয়েন্টে ডাকাতিকালে জেলেরা মাছ ধরছিলেন।
প্রথমে ‘খানজাহান’ নামের ট্রলারে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। পরে অর্ধ শতাধিক ট্রলারে হামলা চালিয়ে মাছ ও জালসহ খাবার নিয়ে যায়। এ সময় অর্ধশতাধিক জেলেকে তারা মুক্তিপণের দাবিতে অপহরণ করেও বলে জানান তিনি।
পাথলঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ জানিয়েছেন, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানে নেমেছেন তারা।
অপহৃতদের মধ্যে ‘বাবা-মায়ের দোয়া’ ট্রলারের মোস্তফা মাঝি, সোলায়মান, জামাল হোসেন, মিজান ও শানু মিয়া, ‘মায়ের আর্শিবাদ’ ট্রলারের বশির মাঝি, ‘লিমন’ ট্রলারের লাল চান মাঝি, ‘বশির’ ট্রলারের মাঝি মাসুম মিয়া, ‘আল্লাহর দান’ ট্রলারের সোহরাব মাঝির নাম জানা গেছে। পটুয়াখালীর কলাপাড়া, পিরোজপুর, ভান্ডারিয়ার চরখালী ও বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকার বাসিন্দা তারা।
