২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলের আত্মহত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে এক কলেজছাত্র।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল (৬০) স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। ছেলে মো. জহির (১৭) মিরুখালী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

মিরুখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সোবাহান শরীফ জানান, আব্দুল জলিলের তিন স্ত্রী। পারিবারিক কলহের জেরে সোমবার বিকালে এক স্ত্রী ফিরোজা বেগমকে কুপিয়ে জখম করেন জলিল। এতে ক্ষিপ্ত হয়ে জহির ঘরে থাকা ধারাল অস্ত্র দিয়ে বাবাকে জখম করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

“এর কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় এক কিলেমিটার দূরে মিরুখালী গ্রামের নূরু ডাক্তারের বাড়ির কাছে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জহির।”

 মঠবাড়িয়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিতা-পুত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।