নতুন ইউনিয়ন চায় বিলুপ্ত ছিটমহলবাসী
পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোকে পাশ্বর্তী ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল করে পাঁচটি পৃথক ইউনিয়ন পরিষদ গঠনের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় প্রেসক্লাবে নাগরিক অধিকার সমন্বয় কমিটির (সিআরসিসি) নেতারা এ দাবি জানান।
গত ১৮ অগাস্ট পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহলের ছয়টি গ্রামকে পার্শ্ববর্তী হাফিজাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে, পাঁচটি গ্রামকে ২ নম্বর ওয়ার্ডে এবং অপর পাঁচটি গ্রামকে হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে মতামত জানাতে বলা হয়।
সিআরসিসির পঞ্চগড়-নীলফামারি জেলা কমিটির সভাপতি মফিজার রহমান বলেন, “সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোকে পাশের ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল করে নতুন পাঁচটি ইউনিয়ন পরিষদ গঠন করতে হবে।
“এ বিষয়ে আমরা সরকারের সহানুভূতিশীল আচরণ প্রত্যাশা করি। সেটা না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ”
যে পাঁচটি এলাকায় ইউনিয়ন দাবি করা হয়েছে সেগুলো হল- পঞ্চগড় সদরের বিলুপ্ত ছিটমহল গারাতি, বোদা উপজেলার নাজিরগঞ্জ দইখাতায় এবং সম্মিলিত শালবাড়ি, কাজলদীঘি, বেউলাডাঙ্গা ও নাটকটোকাতে একটি, দেবীগঞ্জ উপজেলার দহলা খাগাড়াবাড়িতে একটি এবং বালাপাড়া ও কোটভাজনীতে একটি।
সভায় অন্যদের মধ্যে নাগরিক অধিকার সমন্বয় কমিটির নেতা সিরাজুল ইসলাম, আলতাফুর রহমান, সপিকুল ইসলাম কাজল, তছলিম উদ্দীন ও আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
