২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিদিকে’ নড়াইলবাসীর স্মরণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলের মেয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জিকে স্মরণ করছেন জন্মস্থানের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 07:17 PM

Updated : 26 Jul 2022, 12:04 PM

তার সম্মানে বৃহস্পতিবার নড়াইলের তুলারামপুরের আশার আলো মহাবিদ্যালয় একদিন বন্ধ রাখা হয়।

এছাড়া তুলারামপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার ও বৃহস্পতিবার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিভা বিশ্বাস জানান, দুদিনের পাঠদান বন্ধ রাখা ছাড়াও শনিবার সকাল ১০টায় দিদির শান্তি কামনায় বিদ্যালয়ে প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি বলেন, আগামীতে এই কলেজটি ‘শুভ্রা মুখার্জি’র নামে নামকরণ করার প্রক্রিয়া চলছে।

আগামী কয়েকদিনের মধ্যে বড় আয়োজনের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া চলছে বলে জানান নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।

১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্রনাথ ঘোষ ও মীরা রানী ঘোষের ঘরে জন্ম হয় শুভ্রার। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ভাই-বোনের মধ্যে শুধু কানাই লাল ঘোষ (৭০) বতর্মানে ভদ্রবিলায় পৈত্রিকভিটায় বসবাস করেন।

ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয়ে যান প্রণব মুখোপাধ্যায়। তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে বেড়িয়ে যান শুভ্রা মুখোপাধ্যায়।

পাঁচ বছর বয়স পর্যন্ত নিজের গ্রাম ভদ্রবিলায় কাটান তিনি।

এরপর নানা বাড়িতে থেকে স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান।

১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণবের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাদের দুই ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ও সুরজিৎ মুখোপাধ্যায় এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

মঙ্গলবার নয়া দিল্লির একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শুভ্রা। শ্বাসকষ্টের পাশাপাশি হৃদরোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।