আ. লীগে যোগদান অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় মামলা
বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ভাওয়াল ইউনিয়নের আনোয়ার মোল্লা বাদী হয়ে মামলাটি করেন বলে জানান সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন।
বুধবার সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর উপস্থিতিতে সালথার ইউসুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, দ্রুত বিচার আইনের ওই মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনসহ ৬৭ জনকে আসামি করা হয়েছে।
“এই মামলায় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারও দেখানো হয়েছে।”
সংঘর্ষের সময় মারপিটের শিকার দেলোয়ারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
সালথার বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান বুধবার শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগে যোগ দেওয়ার পর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন মিছিলসহ সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন।
এরপর মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে দেলোয়ারকে আটক করে পুলিশ প্রহরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যিনি মারধরের শিকার হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
