২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘মানবপাচার চক্রের’ ১৬ জন আটক

রাজধানীর মালিবাগ থেকে একটি ‘মানবপাচারকারী চক্রের’ ১৬ সদস্যকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2015, 06:37 PM

Updated : 25 Apr 2022, 01:40 PM

র‌্যাব-৩ এর একটি  দল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় ‘গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল এজেন্সি এ্যান্ড ট্যাভেলস’ নামের একটি প্রতিষ্ঠান থেকে তাদের আটক করে বলে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান।

প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হলেও তারা অবৈধভাবে বিদেশে মানুষ পাঠাচ্ছিল বলে অভিযোগ র‌্যাবের।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ থাকায় তাদের লাইসেন্স নবায়ন করা হয়নি বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানান র‌্যাব কর্মকর্তা মাকসুদুল আলম।

প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে দুই শতাধিক পাসপোর্ট, কম্পিউটার এবং ‘মানবপাচারের জন্য রাখা বিভিন্ন ধরনের দলিল’ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

আটকরা হলেন- মো. আকতার হোসেন (৫৩),  মো. আলী (৪৩), মো. মাহাবুবুর রহমান (৩৩), মো. ইসহাক খান (২৯), মো. মনিরুল ইসলাম (৪২), মো. কামাল হোসেন (৩২), আব্দুল্লাহ আল মাহমুদ (৩৩), কাদির খান (৪৩), আব্দুল মান্নান (৫৮), রাজু আহমেদ (৩২), শহিদুল ইসলাম (৩৫), মো. সোহেল (২৪), হাফিজুল ইসলাম (৩২), রাজিয়া সুলতানা (৩৬), আয়নাল হক (৩২) ও নিয়ামত উল্লাহ (৪০)।