ফরিদপুরে ১৫ মৃত্যু: ‘ঈদে যাত্রী টেনে ক্লান্ত চালকের চোখে ছিল ঘুম’
“বাস ও পিকআপ অধিক গতিতে ছিল। তাদের সামনে অটোরিকশা থাকায় মহাসড়কে নিজস্ব লেইন ছেড়ে অন্য লেইনে চলে যায় গাড়ি দুটি।”
ঈদের পরে টানা যাত্রী টেনে ক্লান্ত বাস চালকের চোখে ছিল ঘুম; যে কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পিকআপে আঘাত করলে ফরিদপুরের সড়কে ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
১৬ এপ্রিল তেঁতুলতলা দিকনগরে বাস ও পিকআপের সংঘর্ষে দুর্ঘটনার পর পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি রোববার বিকালে তাদের প্রতিবেদন জমা দিয়েছে জানিয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, “প্রতিবেদনটি আমরা সরকারের উচ্চ পর্যায়ে কাল (সোমবার) পাঠিয়ে দেব। পরবর্তীতে সরকার সেটির বিষয়ে পদক্ষেপ নেবে।”
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, “আমরা দুঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সব বিভাগের মানুষের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। চেষ্টা করেছি কেন, কী কারণে এই মর্মান্তিক দুঘর্টনা হল সেটি বের করার। পাশাপাশি চেষ্টা করেছি, কিছু সুপারিশ করতে যাতে সড়কে আর মৃত্যুর মিছিল না বাড়ে।”
“দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে- ঈদের পরে চালক দীর্ঘ সময় ধরে গাড়িটি চালাচ্ছিলেন। তিনি ছিলেন ক্লান্ত আর তার চোখে ছিল ঘুম।”
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেরেছি, যাত্রীবাহী বাস ও পিকআপটি অধিক গতিতে ছিল। তাদের সামনে অটোরিকশা থাকায় মহাসড়কে নিজস্ব লেইন ছেড়ে অন্য লেইনে চলে যায় গাড়ি দুটি। যেহেতু দুটি গাড়িতেই অতিরিক্ত গতি ছিল, সে কারণে যান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে সরাসরি আঘাত করে।”
মহাসড়কে দুর্ঘটনা রোধে যেসব সুপারিশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল- সড়ক বা মহাসড়কে চলাচলকারী সবাইকে সড়ক আইন সম্পর্কে সচেতন হতে হবে; দুর্ঘটনা প্রবল এলাকায় সড়কে ডিভাইডার স্থাপন করতে হবে বা সড়ক প্রশস্থ করতে হবে; যানবাহন চালকদের নির্দিষ্ট সময় পর আর গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া যাবে না; মহাসড়কে অটোরিকশা বা ছোট ঝুঁকিপূর্ণ যানচলাচল বন্ধ করতে হবে।
হাইওয়ে পুলিশ জানায়, ১৬ এপ্রিল সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলতলা দিকনগর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী উত্তরা ইউনিক পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১১ জন মারা যান। আহত হন সাতজন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।
দুর্ঘটনায় নিহত ইকবাল হোসেনের বড় ভাই এনামুল হক বাদী হয়ে বাস চালককে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
এই মামলা রোববার বিকালে উত্তরা ইউনিক পরিবহনের বাসটির চালক খোকন মিয়াকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আরও পড়ুন:
