টেকনাফে বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে জেলের মৃত্যু
নৌ পুলিশের পরিদর্শক জানান, কোনো অভিযোগ না পাওয়ায় জেলের মরদেহ জনপ্রতিনিধি ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকাসহ এই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশের টেকনাফের পরিদর্শক তপন কুমার বিশ্বাস।
নিহত মো. আব্দুল হাকিম (২০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার বাটু মিয়ার ছেলে।
শুক্রবার সকালে টেকনাফের সাববাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, বুধবার সন্ধ্যায় আব্দুল হাকিমসহ চার জেলে দুটি নৌকা নিয়ে মাছ ধরতে যান। তারা শাহপরীর দ্বীপ-সেন্টমার্টিনের বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় মাছ ধরছিলেন।
বৃহস্পতিবার বিকালে তিন জেলে একটি নৌকা নিয়ে আহরিত মাছ নিয়ে কূলে ফিরে আসেন। অপর জেলে ওখানে জাল ফেলে অপেক্ষা করতে থাকেন।
“মাছ বিক্রি শেষে ওই তিন জেলে সন্ধ্যায় গোলারচরে গিয়ে হাকিম ও নৌকা দেখতে না পেয়ে খোঁজাখুজি করে। এক পর্যায়ে ডুবে যাওয়া নৌকা ও জালে হাকিমের মরদেহ পায়।”
পরবর্তীতে মৃতদেহটি নিয়ে জেলেরা কূলে ফিরে আসে বলে জানান স্থানীয় এ ইউপি সদস্য।
নৌ পুলিশের পরিদর্শক তপন কুমার বিশ্বাস জানান, পরিবারের পক্ষে কোনো অভিযোগ না পাওয়ায় জেলের মরদেহ জনপ্রতিনিধি ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
