২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাকের পলিপাস অস্ত্রোপচারের আগে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি

রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ইমদাদুল হক।

নাকের পলিপাস অস্ত্রোপচারের আগে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি

এই ক্লিনিকেই নাকের পলিপাস অস্ত্রোপচারের আগে এক রোগীর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 11:35 PM

Updated : 09 Jul 2023, 11:35 PM

গোপালগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নিয়াজ মোহাম্মদ বলেন, “রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ইমদাদুল হক। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

গত ৩ জুলাই রাত ৮টার দিকে নাকে পলিপাসের সমস্যা নিয়ে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড়ের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভর্তি হন হাফিজুর চৌধুরী (৪২) নামে এক রোগী। নাকের অপারেশনের জন্য তার ১১টি পরীক্ষা করানো হয়।

সব রিপোর্ট ঠিক থাকায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নাকের পলিপাস অস্ত্রোপচারের জন্য তাকে ক্লিনিকটির অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে তাকে অচেতন করতে ইনজেকশন দেন ডা. হিরম্ব রায় ও ডা. গোলাম সরোয়ার। তবে ওই ইনজেকশন দেওয়ার পরই মারা যান হাফিজুর।

পরে উন্নত চিকিৎসার কথা বলে ক্লিনিক কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে হাফিজুরকে খুলনার একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসক হাফিজুর মৃত জানিয়ে ফিরিয়ে দেন।

এ নিয়ে কয়েক দফায় মীমাংসার জন্য বৈঠক করে ক্লিনিক কর্তৃপক্ষ। বিষয়টি ধামাচাপা দিতে অর্থের লোভ দেখানোর কথা জানিয়েছেন হাফিজুরের স্বজনরা।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নজরে আসে সিভিল সার্জনের। এর পরিপ্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা হলো।