Published : 10 Feb 2026, 02:25 PM
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য পদের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ও জীবনের নিরাপত্তা না থাকার অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শিপনের অভিযোগ, “আসন্ন নির্বাচনে আমি আমার নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করছিলাম। সম্প্রতি আমাকে ও আমার নেতাকর্মীদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।
“হুমকির ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমার নির্বাচনের প্রধান সমন্বয়ক পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জব্বার মোল্লাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “আমি ও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি ও আমার কর্মীদের নিরাপত্তার ঝুঁকির কারণে নির্বাচন থেকে সরে যাচ্ছি।”
বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করে কেন্দ্র।
এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলেও অভিযোগ করেছেন খায়রুজ্জামান শিপন।
উদারহরণ হিসেবে তিনি বলেন, “কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হয় নেই। আসন্ন নির্বাচন এখানে সুষ্ঠ হবে না বলে মনে করছি। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”