দিনাজপুরে তেলবাহী লরি খাদে পড়ে প্রাণ গেল ২ জনের
পুলিশ জানায়, চালককে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তেলবাহী লরি খাদে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে হিলি-বিরামপুর সড়কে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান।
নিহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাসেল (৩৬) এবং একই উপজেলার সুলতানপুর গ্রামের সাব্বির (৩৪)। সাব্বির পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার এবং রাসেল লরির হেলপার।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক জাহাঙ্গীর বলেন, লরিটি পাঁচবিবি থেকে পার্বতীপুর ডিপোতে তেল আনতে যাওয়ার পথে হিলির ডাঙ্গাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে লরির নিচে চাপা পড়ে সাব্বির ও রাসেল মারা যান।
চালককে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
