নারায়ণগঞ্জের গরুর হাটে উঠেছে 'ডনাল্ড ট্রাম্প'
গরুটির ওজন প্রায় ৩৫ মন, ফ্রিজিয়ান জাতের স্বাস্থ্যবান এ গরুটির উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট এবং লম্বায় ১২।
নারায়ণগঞ্জের একটি পশুর হাটে উঠেছে প্রায় ৩৫ মণ ওজনের গরু, খামারি যার নাম দিয়েছেন ‘ডনাল্ড ট্রাম্প’।
রোববার সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার অস্থায়ী পশুর হাটটিতে দেখা মিলল গরুটির।
হাটে প্রবেশ করতেই মাইকে ভেসে আসছিল ডেনাল্ড ট্রাম্পের নাম। হাসিল পরিশোধের কাউন্টারের বাম পাশে পাওয়া গেল গরুটিকে। সাব্কে মার্কিন প্রেসিডেন্টের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখায়, আর এর বিশাল আকারের জন্য ক্রেতা-দর্শনার্থীদের অনেককেই দেখা গেল প্রাণীটির সঙ্গে ছবি তুলতে।
‘ডনাল্ড ট্রাম্পের’ মালিক আবু বক্কর। তার বাড়ি সিরাজগঞ্জের শাহ্জাদপুর উপজেলায়।
দুই দশকেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে আসেন তিনি। এবার ২২টি গরু এনেছেন। এর মধ্যে দু'টি গরুর ওজন হাজার কেজির উপরে। অন্যগুলো তুলনামূলক ছোট ও মাঝারি আকারের।
আবু বক্কর জানালেন, 'ডনাল্ড ট্রাম্প' নামের গরুটির ওজন প্রায় ৩৫ মন। ফ্রিজিয়ান জাতের স্বাস্থ্যবান গরুটির উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট এবং লম্বায় ১২ ফুট। তিনি গরুটির দাম হাঁকছেন ১৬ লাখ টাকা।
আবু বক্করের সঙ্গে নারায়ণগঞ্জের হাটে প্রথমবারের মতো এসেছেন তার স্নাতকপড়ুয়া ছেলে শামীম হোসেন।
শামীম বলেন, বাছুর বয়স থেকে সাড়ে তিন বছর ধরে বাবার সঙ্গে মিলে গরুটির দেখভাল করেছেন তিনিও। অল্প বয়স থেকেই বেশ হৃষ্টপুষ্ট থাকায় সাদা ও কালো রঙের মিশেলের গরুটিকে আদর করে নাম দিয়েছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। মোটাতাজাকরণের জন্য কোনো কৃত্রিম পদ্ধতির আশ্রয় না নিয়ে খড়, ভূষিসহ প্রাকৃতিক খাবার খাইয়েছেন গরুটিকে।
আবু বক্কর ১৬ লাখ হাঁকলেও ক্রেতাদের কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত প্রস্তাব এসেছে। কাছাকাছি দাম পেলে বিক্রি করবেন বলে জানালেন তিনি।
'ডনাল্ড ট্রাম্প' ছাড়াও বড় আকারের আরেকটি গরু এবারের হাটে তুলেছেন আবু বক্কর। কালো রঙের ওই গরুর নাম রেখেছেন বাংলাদেশের এক চলচ্চিত্র অভিনেতার নামে। এটির ওজন প্রায় ২৫ মন বলে জানান তিনি; আর এটির দাম হাঁকছেন ১২ লাখ টাকা।
ঈদের আগে ২২টি গরুই বিক্রি করে গ্রামে ফিরতে পারবেন বলে প্রত্যাশা তার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এবার ১৭টি অস্থায়ী হাটের ইজারা দেওয়া হয়েছে। করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার ইব্রাহিম টেক্সটাইলের বালুর মাঠের অস্থায়ী এ পশুর হাটের ইজারা পেয়েছেন মো. শাহ্ আলম।
