২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠান্ডায় কাহিল কুড়িগ্রাম

চলতি মাসে আরও একটি শৈত্যপ্রবাহ জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 04:08 PM

Updated : 11 Jan 2024, 08:39 PM

দুদিন ধরে সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের সাধারণ মানুষ। 

বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন। 

তিনি বলেন, “তাপমাত্রা আরও দুই-একদিন এরকম থাকবে। পরে একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এ মাসে আরও একটি শৈত্যপ্রবাহ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।” 

মঙ্গলবার সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। উত্তরীয় হিমেল হাওয়ায় বেশি কষ্ট পাচ্ছেন নদনদী তীরবর্তী চর ও দ্বীপ চরের লোকজন। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া উপেক্ষা করে কেউ কেউ বের হলেও গরম কাপড়ের ‘অভাবে’ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের জহুরুল ইসলাম বলেন, “আমাদের চরে কয়েকদিন থেকে খুব ঠান্ডা। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। নদীর পাড়ে সবসময় বাতাস থাকে, এ কারণে ঠান্ডা বেশি।”   

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গফুর বলেন, তার ইউনিয়নটি নদী বেষ্টিত। এখানে অনেক বেশি ঠান্ডা অনুভূত হয়। নির্বাচনের আগে সরকারিভাবে মাদ্রাসার শিশুদের জন্য চারশ কম্বল এবং বুধবার ৮০টি কম্বল বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে। 

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুল আলম হালিম জানান, এ মুহূর্তে শীতবস্ত্র মজুদ নেই। বরাদ্দ চাওয়া হয়েছে, পেলে বিতরণ করা হবে।