দেড় ঘণ্টা পুড়িয়ে গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
আগুনে একটি মিনি ঝুটের কারখানা, একটি বাড়ি ও চারটি ঝুট গুদামসহ মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানায়।
গাজীপুর নগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শনিবার রাত আড়াইটার দিকে লাগা আগুন তিনটি ফায়ার স্টেশনের ছয় ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় এতে কেউ হতাহত হয়নি।
কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগে মূহুর্তে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর আগুন পাশের এনামুল মাদারের একটি বাড়িসহ শাহ আলম সরকারের মিনি ঝুট কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তাদের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
কিন্তু আগুনের মাত্রা বেড়ে গেলে সারাবো মডার্ণ ফায়ার স্টেশনের দুইটি ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের আরও দুইটিসহ মোট ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় বলে জানান তিনি।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা বলেন, “ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে একটি মিনি ঝুটের কারখানা, একটি বাড়ি ও চারটি ঝুট গুদামসহ মালামাল পুড়ে যায়।”
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
