নাটোর মুক্ত হয় ২১ ডিসেম্বর
মুক্তিযুদ্ধে নাটোরে বড় ধরনের কোনো লড়াই না হলেও একাধিক স্থানে গণহত্যা চালানো হয়েছিল।
মুক্তিযুদ্ধ শেষে বিজয়ের আরও পাঁচ দিন পর নাটোরে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদারবাহিনী। তাই বিজয় উদযাপন করতে নাটোরবাসীর রুদ্ধশ্বাস অপেক্ষা ছিল ২১ ডিসেম্বর পর্যন্ত। ১৯৭১ সালের ২১ ডিসেম্বর উত্তরা গণভবনে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।
বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত হয়েছে।
মুক্তিযুদ্ধে নাটোরে বড় ধরনের কোনো লড়াই না হলেও একাধিক স্থানে গণহত্যা চালানো হয়েছিল।
মুক্তিযুদ্ধের ৯ মাস পাক হানাদার ও তাদের দোসর রাজাকার-আলবদররা নাটোর সদর উপজেলার ছাতনী, দত্তপাড়া, মোহনপুর, লালবাজার, শুকলপট্টি, মল্লিকহাটি, বড়াইগ্রামের বনপাড়া ক্যাথলিক মিশন, গুরুদাসপুরের নাড়িবাড়ি, সিংড়ার হাতিয়ানদহ, কলম এবং লালপুর উপজেলার গোপালপুরের নর্থবেঙ্গল সুগার মিল চত্বরে গণহত্যা চালায়।
বীর মুক্তিযোদ্ধো নবীউর রহমান পিপলু তার স্মৃতিকথায় সেই দিনগুলোর কথা শুনিয়েছেন।
তিনি বলেন, নাটোরের বিভিন্ন জায়গায় গণহত্যা হয়েছে। বিশেষ করে ‘ছাতনী গণহত্যা’ ছিল ‘বাংলাদেশের ইতিহাসে নৃশংস ও হৃদয়বিদারক’। এখানে প্রায় ৪শ মানুষকে জবাই করে, বেয়োনেট দিয়ে খুঁচিয়ে, অ্যাসিড ছিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া নারীবাড়ির ১৭ জন শিক্ষাবিদকে হত্যা করা হয়েছে। নর্থবেঙ্গল সুগার মিলের তখনকার প্রশাসকসহ ৪২ কর্মচারীকে হত্যা গুলি করে, খুঁচিয়ে হত্যা করা হয়েছে। বনপাড়ার রোমান ক্যাথলিক মিশনে আশ্রয় নেওয়া প্রায় ৮৬ জনকে বাঙালি নারী-পুরুষকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড হয়েছে ফতেঙ্গাপাড়ায়।
নাটোরে তৎকালীন সিও অফিস বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়; এই অফিসের সামনে অন্তত ১৪০ জনকে গণকবর দেওয়া হয় বলে পিপলু জানান।
একাত্তরে নাটোরে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ২ নম্বর সদরদপ্তর। ওই সিও অফিসে ছিল সেই সদরদপ্তর।
নবীউর রহমান পিপলু জানান, পাকিস্তানি সেনাদের নাটোরে ক্যাম্প হওয়ার কারণে, দুই নম্বর সামরিক হেডকোয়ার্টার হওয়ার কারণে দলছুট পাকিস্তানি সেনারা ১৬ ডিসেম্বর থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নাটোরে এসে জড়ো হতে থাকেন। নাটোর পিটিআই স্কুল, আনসার হল, রিক্রিয়েশন ক্লাব, এনএস কলেজ, নাটোর রাজবাড়ি, দিঘাপতিয়া রাজবাড়ি চত্বরের (উত্তরা গণভবন) ক্যাম্পগুলোতে প্রচুর পাকিস্তানি সেনা অবস্থান করছিলেন। তবে আশ্রয় নেওয়া পাকসেনারা মিত্র বাহিনীর সৈন্যদের পাহারায় ছিলেন।
“১৮ তারিখ, ১৯ তারিখ পর্যন্ত পানসেনারা নাটোরে এসে সমবেত হতে থাকেন; যার কারণে উত্তরা গণভবন (দিঘাপতিয়া রাজবাড়ি) চত্বরে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শেষ হয় ২০ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত। এ কারণে ২১ ডিসেম্বর নাটোর পুরোপুরি শত্রু মুক্ত হয়।”
পিপলু আরও জানান, আত্মসর্মপণ অনুষ্ঠানে পাকিস্তানি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ মিত্রবাহিনীর ১৬৫ মাউনটেন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করেন।
নাটোর মুক্ত হওয়ার পরে সর্বস্তরের মানুষ উৎসবে মেতে ওঠে, জয় বাংলা স্লোগানে মুখরিত হয়।
নাটোর মুক্ত দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নাটোর মুক্ত দিবস পালিত হয়েছে।
বুধবার নাটোরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যৌথ আয়োজন একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে; পরে স্বাধীনতা চত্বরে (মাদ্রাসা মোড়) গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়; এবং সেখানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নাটোর-৪ আসনরে সংসদ সদস্য বীর মুক্তযিোদ্ধা আব্দুল কুদ্দুস, নাটোর ও নওগাঁর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমদে, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের আহবায়ক ও পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তরা নাটোরের বিজয়ের স্মৃতিচারণ করে স্বাধীনতার পক্ষের শক্তিতে সকল অপশক্তির রোধে কাজ করা আহবান জানান।
