সিরাজগঞ্জে ওসি-এসআইয়ের বাড়িতে ডাকাতি, আহত ২ স্বজন
“পুলিশ কর্মকর্তাদের আহত স্বজনরা তাড়াশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ওসি-এসআইয়েরসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে; এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ কর্মকর্তাদের দুই স্বজন আহত হন।
শনিবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিবাহু ও শাকই গ্রামে এসব ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান।
ডাকাতদের হামলায় আহত বানিবাহু গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই চৌধুরীর ছোট ভাই সেলিম রেজা চৌধুরী পুলিশের পরিদর্শক (ওসি) এবং ছেলে হুমায়ুন রশিদ চৌধুরী উপ পরিদর্শক (এসআই) পদে কর্মরত।
হামলায় আব্দুল হাই চৌধুরীর স্ত্রী মাজেদা খাতুনও আহত হয়েছেন। তাদের তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
মাজেদা খাতুন বলেন, “শনিবার রাত পৌনে ৩টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত আমাদের বসতবাড়ির উত্তর দিকের টিনের বেড়া ভেঙে প্রবেশ করে। এরপর জানালার গ্রিল কেটে তারা রুমে প্রবেশ করে আমাদের ঘুম থেকে ডেকে তোলে।
“ডাকাতদল আঘাত করা সময় আমার স্বামী চাকু ধরে ফেললে তার ডান হাতের তালু কেটে রক্তাক্ত হয়। পরে ডাকাতরা তার দুই হাঁটু এবং পিঠের দিকে উপর্যুপরি আঘাত করে। এরপর তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে আলমিরা ও লেপ-কাঁথা রাখা বক্স ভেঙে ফেলে।”
তিনি বলেন, “ডাকাতরা নগদ তিন লাখ টাকা ও এক ভরি পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে। যাওয়ার সময় তারা বাড়ির পশ্চিম পাশের টিনের গেট ভেঙে ফেলে।”
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার আরিফুর বলেন, “কাছাকাছি সময়ে শাকই গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা চেতনানাশক স্প্রে করে বাড়ির লোকজনকে অজ্ঞান করে বাড়িতে থাকা নগদ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
“সকালে প্রতিবেশীরা শফিকুলের স্ত্রী ময়না (৪২), তার দুই ছেলে মনিরুল ইসলাম (২৪) মাসুদ রানাকে (১৮) অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হন।”
এসপি আরও বলেন, “আমরা বেশ কিছু ক্লু পেয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
“পুলিশ কর্মকর্তাদের আহত স্বজনরা তাড়াশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
