২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

সদর উপজেলার ব্যবসায়ী রাজ্জাক হাওলাদার হত্যাকাণ্ডের ১৯ বছর পরে রায় ঘোষণা করা হল।

মাদারীপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

মাদারীপুরের আব্দুর রাজ্জাক হাওলাদার হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মাদারীপুর প্রতিনিধি

Published : 19 Oct 2022, 07:54 PM

Updated : 19 Oct 2022, 07:54 PM

নির্বাচনী বিরোধের জেরে সদর উপজেলার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হাওলাদার হত্যা মামলায় ১৯ বছর পর তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত; একই মামলায় ছয় জনের যাবজ্জীবন সাজা হয়েছে। 

বুধবার বিকালে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শিরখাড়া ইউনিয়নের বাসিন্দা মাজারুল ইসলাম মজনু (৫০), মাছিম শেখ (৪৮) ও জসিম শেখ (৪৫)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার সেন হাওলাদার (৬০), মনজুর আলী (৫৬), সাইদুর হোসেন হাওলাদার (৫২), সূর্য মাতুব্বর (৫৫), ফয়েজ শেখ (৫৮) ও সুজাল মাতুব্বর (৬০)।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৩ সালের মার্চ মাসে উপজেলার শিরখাড়া ইউপির নির্বাচন হয়। সেই নির্বাচনে টিন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হাওলাদারের ছোট ভাই মজিবর রহমান হাওলাদার জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন লুৎফর খালাসী।

নির্বাচনী বিরোধের জেরে ওই বছরের ১৯ অক্টোবর বিকালে শিরখাড়া ইউনিয়নের পুরাতন রাজারহাট বাজারে প্রতিপক্ষের লোকজন আবদুর রাজ্জাক হাওলাদারকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে খুন করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খানম বাদী হয়ে পরের দিন ২০ অক্টোবর মাদারীপুর সদর থানায় ২০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত চার জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ২০০৫ সালের ৩ নভেম্বর ১৯ জনকে আসামি ও একজনকে অব্যাহতি প্রদানের সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাদী এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজী দেন। পরে আদালত ২০ আসামিসহ আরও তিন জনকে যুক্ত করে মোট ২৩ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করে। ১৯ বছর এ মামলার রায় হলো।

মামলার বাদী ও নিহতের স্ত্রী সেলিনা খানম বলেন, এই রায়ে পরিবার সন্তুষ্ট। হাই কোর্টে আসামিপক্ষ যেন রায় বাদলাতে না পারে সেজন্য তিনি রাষ্ট্রপক্ষের কাছে আর্জি জানান। রায় দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং বলেন, মামলা চলাকালে মামলার প্রধান আসামি লুৎফর খালাসী, ওবায়দুর রহমান খালাসি, খায়রুল খালাসি, সায়াদ মাতুব্বরসহ পাঁচ জন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। আরও চার আসামির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

অপরাধ প্রমাণিত না হওয়ায় পাঁচ জনকে খালাস দিয়েছেন বিচারক। খালাসপ্রাপ্তরা হলেন- আশরাফুজ্জামান ওরফে আশরাফুল (৩০), আমিন সিদ্দিক (৩২), নুরুল হক বয়াতী (৩৩), মহসিন হাওলাদার (৩৪) ও সৈয়দ আলী (৩০)।

রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট বলে জানান সিদ্দিকুর।

আসামিপক্ষের আইনজীবী জাফর আলী মিয়া বলেন, এই মামলার মাত্র পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে যাবেন।