২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে আম বাগানে মিলল মাদ্রাসার প্রতিষ্ঠাতার মরদেহ

পুলিশের ধারণা, সিরাজুলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

জয়পুরহাটে আম বাগানে মিলল মাদ্রাসার প্রতিষ্ঠাতার মরদেহ

জয়পুরহাটের কালাই উপজেলায় আম বাগান থেকে উদ্ধার হওয়া নিহতের স্বজনদের আহাজারি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 05:54 PM

Updated : 11 Jun 2023, 05:54 PM

জয়পুরহাটের কালাই উপজেলার আম বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামের এক আম বাগানে তার মরদেহটি পাওয়া যায় বলে জানান কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন।

নিহত সিরাজুল ইসলাম (৬৫) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঈনুদ্দীন বলেন, এক সপ্তাহ আগে পাকুরিয়া-কাথাইল সিরাজুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার তহবিল নিয়ে পরিচালনা কমিটির সভা হয়। ওই সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলামের সঙ্গে কমিটির অন্য সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে।

ওই দিনের পর থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠাতার ঝগড়া-বিবাদ লেগেই রয়েছে।

তিনি আরও বলেন, এরপর রোববার সিরাজুলের মরদেহ একটি আম বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, “সিরাজুলের গলায় ফাঁস দেওয়ার চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আসল তথ্য জানা যাবে।” 

এ ঘটনায় সিরাজুলের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতিন বলেন, “এক সপ্তাহ আগে মাদ্রাসায় সভা চলাকালীন হাতাহাতির ঘটনা সত্য। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে কি-না তা জানা নেই।”

তিনি বলেন, “শনিবার রাত দেড়টায় দিকে সিরাজুল আমার বাড়িতে এসে কথা বলে চলে যান। সকালে শুনতে পাই তার লাশ উদ্ধার হযেছে। “

শেফালী বেগম বলেন, “কী অপরাধ করেছেন আমার স্বামী? আমাদের কোনো সন্তান নেই। যা কিছু করেছেন তা এলাকার মানুষের জন্যই করেছেন। তারপরও তাকে কেন হত্যা করা হল? এ হত্যার বিচার চাই।”