পানিবন্দি জকিগঞ্জ ও কানাইঘাটে ভোটাররা কেন্দ্রে যাচ্ছেন নৌকায়
“আবহাওয়া খারাপ থাকার কারণে ভোটার উপস্থিতি কম। তবে ভোট সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে।“
সিলেটের পানিবন্দি জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। পানিবন্দি মানুষরা নৌকায় করে ভোট দিতে যাচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, “কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।
“কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন।"
কানাইঘাট উপজেলার মুলাগুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রবীর কুমার মণ্ডল বলেন, “আবহাওয়া খারাপ থাকার কারণে ভোটার উপস্থিতি কম। তবে ভোট সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে।
“কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রের মোট ভোটার ৯২৫ জন; এর মধ্যে বেলা ১২টা পর্যন্ত ১৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।“
৮ নম্বর মুলাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে প্রিজাইডিং কর্মকর্তা মো. জিলানী জানান।
তিনি বলছিলেন, “কোনো ঝামেলা হয়নি এখন পর্যন্ত। কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ২৫৯ জন। বেলা ১২টা পর্যন্ত ১২ শতাংশ ভোট কাস্ট হয়েছে।”
৯ নম্বর মুলাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সুমন হোসেন বলেন, তার কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ১৯৯ জন; এর মধ্যে দুপুর পর্যন্ত ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
জকিগঞ্জের বারহাল ইউনিয়নের কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুরুষ ভোটারদের কক্ষের সামনে ৫-৬ জন দাঁড়িয়ে আছেন। নারী ভোটারদের কক্ষের সামনে দুজন ছিলেন।
কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় করে অনেক ভোটারকে কেন্দ্রে যেতে দেখা গেছে।
ওই কেন্দ্রের ভোটার রজত দেব বলেন, “বন্যার কারণে সড়ক ডুবে গেছে। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। প্রার্থীর লোকজন বাড়িতে নৌকা পাঠিয়েছেন। তাই ভোট দিতে আসছি।"
কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জ্যোতিষ মজুমদার বলেন, “বন্যার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। এছাড়া সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামলে ভোটার উপস্থিতিও বাড়তে পারে।”
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন নারী।
জকিগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন ভোটারের মধ্যে ৯৯ হাজার ২২৫ জন পুরুষ ও ৯২ হাজার ২৮৮ জন নারী। বন্যা পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জের পাঁচটি ও কানাইঘাটের চারটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যন পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন নির্বাচন করছেন।
টানা বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় সরকারি হিসাবে মঙ্গলবার পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি আছেন।
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত বন্যা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কানাইঘাট উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১৯০টি গ্রামের ৮০ হাজার ৬১০ জন বাসিন্দা বন্যা কবলিত।
এর মধ্যে ৩২টি আশ্রয়কেন্দ্রে ৪১ জন রয়েছেন। এই উপজেলার মোট জনসংখ্যা তিন লাখ ১৭ হাজার ৫৭৪ জন।
জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার ১১৩টি গ্রামের এক লাখ ৫৬ হাজার ১৪৭ জন বাসিন্দা বন্যা কবলিত।
এর মধ্যে ৫৫টি আশ্রয়কেন্দ্রে ৪০৮ জন আছেন। এই উপজেলায় মোট জনসংখ্যা দুই লাখ ৬৭ হাজার ৩০৯ জন।
