২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলি লাগল শিক্ষার্থীর পায়ে

গুলিবিদ্ধ শিক্ষার্থী সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলি লাগল শিক্ষার্থীর পায়ে
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আল আমিন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 06:53 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক শিক্ষার্থীর পায়ে লেগেছে।

শুক্রবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের চকমকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক।

আহত আল আমিন (১৮) ওই গ্রামের জমসের আলীর ছেলে এবং যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল বারিক বলেন, “রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন ব্যক্তি রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বালু ব্যবসায়ী শওকত আলীকে অনুসরণ করছিলেন।

“শওকত আলী বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করেন আপনারা কে, কী চান? এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের দোকানের বেঞ্চে বসে থাকা আল-আমিনের পায়ে লাগে।”

খবর পেয়ে গুলিবিদ্ধ আল-আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট ও গুলির খোসা পাওয়া গেছে; এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ পরিদর্শক আব্দুল বারিক।