২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি

বিকালে ময়মনসিংহ নগরীতে গণসংহতি আন্দোলনের আয়োজনে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক সংলাপে বক্তব্য দেন দলটির প্রধান সমন্বয়কারী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 10:17 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

জনগণের শক্তিকে পাহারা দিতে হবে। আর না দিলে জনগণের হাত থেকে ক্ষমতা বেহাত হয়ে যাবে। সেইসঙ্গে আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে।

শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর টাউন হলের মুক্তমঞ্চে গণসংহতি আন্দোলন ময়মনসিংহের আয়োজনে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, “শেখ হাসিনা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসন কায়েম করেছে, সেই ব্যবস্থা এখনো বহাল তবিয়তেই রয়েছে। সংবিধানে লেখা থাকলেও ৫৩ বছরে জনগণ ক্ষমতার কেন্দ্রে থাকতে পারেনি। কারণ বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী বন্দোবস্ত।

“এর মধ্য দিয়ে যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা ব্যবহার করে ফ্যাসিবাদ-কর্তৃত্ববাদ কায়েম করে। তার সর্বোচ্চটা শেখ হাসিনা দেখিয়ে দিয়ে গেছে। কাজেই সেই ব্যবস্থার বদল ঘটাতে হবে।”

গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীবের সভাপতিত্বে ও সদস্যসচিব এ আর এম মুসাদ্দিক আসিফের সঞ্চালনায় এতে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, জাতীয় পরিষদের সদস্য শামসুল আলম ও অমিত হাসান দিপু, সম্মিলিত পেশাজীবী সংহতির আহ্বায়ক মির্জা নাজমুল হুদা এবং ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ বক্তব্য দেন।