২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যা ভাড়াটে খুনি দিয়ে: পুলিশ

“যারা এই খুনের সঙ্গে জড়িত তারা টাকার বিনিময়ে এ কাজ করেছেন, তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই।”

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2024, 06:12 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

বাগেরহাটে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে খুন হওয়া বিএনপি নেতা সজীব তরফদারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু বক্কার শিকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বলছে, টাকার বিনিময়ে ‘ভাড়াটে খুনিরা’ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনার চার দিন পর নিহত সজীবের স্ত্রী নাঈমা ফারহানা মামলা করেছেন।

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার হুগলি বাটকা গ্রামে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে আবু বক্কারকে গ্রেপ্তার করা হয় বলে বাগেরহাট সদর থানার ওসি সাইদুর রহমান জানান।

৫৭ বছর বয়সী বক্কার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সোবহান শিকদারের ছেলে।

শনিবার দুপুরে বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

গত ৫ নভেম্বর বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের সামনে ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সজিব তরফদারকে প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

তিনি ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। ঘটনার সময় সজীবের সঙ্গে একই মোটরসাইকেলে থাকা তার চাচা কামাল হোসেন তরফদার গুলিবিদ্ধ হন।

ওসি সাইদুর রহমান বলেন, “খুনে ব্যবহৃত অস্ত্র ও গুলিসহ আবু বক্কারকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ডোবা থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডটি টাকার বিনিময়ে ভাড়াটে খুনিরা করেছে; এতে অংশ নেয় চারজন।”

এদিকে হত্যাকাণ্ডের পাঁচদিন পর নিহতের স্ত্রী নাঈমা ফারহানা ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৭-৮ জনের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন।

এছাড়া বাগেরহাট সদর মডেল থানার এই আই আনজির হোসেন অস্ত্র আইনে মামলা করেছেন।

শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংসাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার তৌহিদুল আরিফ।   

এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও সদর মডেল থানার ওসি সাইদুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলছেন, “বিএনপি নেতা সজীব তরফদারের হত্যায় সরাসরি জড়িত চারজনের মধ্যে আবু বক্কার শিকদার নামে একজনকে ইতোমধ্যে আমরা গ্রেপ্তার করেছি। তার দেওয়া তথ্য অনুযায়ী, খুনের স্থানের পাশে যমুনা সাহার একটি ডোবা থেকে ‘কিলিং মিশনে’ ব্যবহৃত দুটি দেশি তৈরি বন্দুক ও একটি তাজা গুলি এবং একটি রামদা উদ্ধার করি। তদন্ত চলমান রয়েছে।”

“এই ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। হত্যার পেছনের যে মাস্টারমাইন্ড রয়েছে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

পাঁচটি সম্ভাব্য কারণ মাথায় রেখে পুলিশ তদন্ত করছে জানিয়ে পুলিশ সুপার বলেন, “তদন্ত শেষ হওয়ার পরেই, কী কারণে বিএনপি নেতা সজীব তরফদার খুন হয়েছেন তা বলা হবে। যারা এই খুনের সঙ্গে জড়িত তারা টাকার বিনিময়ে এ কাজ করেছেন, তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই।”