Published : 11 Feb 2026, 04:56 PM
নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা আরোহী শেরপুর সদর উপজেলার একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্রাণ গেছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও এক নারী।
সদর উপজেলার শিমুলতলী ব্যাঙের মোড় এলাকার শেরপুর-জামালপুর মহাসড়কে বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনায় অটোরিকশা চালক ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন বলে শেরপুর সদর থানার ওসি মো সোহেল রানা জানিয়েছেন।
নিহতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গোপীনাথপুর গ্রামের মো. তারা মিয়ার ছেলে ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান (৩১) এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কাতলামারী গ্রামের হাফেজ উদ্দিনের মেয়ে মাহফুজা (১৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সোহেল বলেন, “রোকনুজ্জামান শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ছিলেন। তিনি জামালপুর থেকে অটোরিকশায় করে নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য শেরপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। ”
এ দুর্ঘটনায় আহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার দয়ারচর গ্রামের আবেদ আলীর ছেলে শাহিন (৩০), শহরের চক পাঠক এলাকার আব্দুল মোতালেবের ছেলে রায়হান (৩০), নিহত মাহফুজার তিন মাস বয়সী সন্তান মোয়াজ হোসেন আলী, শেরপুর সদর উপজেলার গাজীর খামার এলাকার সুলতান মিয়ার ছেলে মোহাম্মদ (২৮) এবং নিহত মাহফুজার বোন ও হাফেজ উদ্দিনের মেয়ে সুরাইয়া (২২)।
নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর এবং আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি সোহেল জানিয়েছেন।