২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানে হামলা

পুলিশের গুলিতে এক শ্রমিকও আহত হয়েছে বলে দাবি করেছেন উচ্ছেদ করা প্যাসিফিক ডেনিমস কারখানার জেনারেল ম্যানেজার ইউনুস আলী।

মুন্সীগঞ্জে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানে হামলা

চরচাষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর অভিযানে হামলা চালায় প্যাসিফিক ডেনিমস কারখানার শ্রমিকরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 06:02 PM

Updated : 21 Jan 2024, 06:02 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোমতী নদীতীরের চরচাষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর অভিযানে হামলা হয়েছে। হামলায় আনসার সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।

এসময় পুলিশের গুলিতে এক শ্রমিকও আহত হয়েছে বলে দাবি করেছেন উচ্ছেদ করা প্যাসিফিক ডেনিমস কারখানার জেনারেল ম্যানেজার ইউনুস আলী।

তবে গজারিয়া থানার ওসি রাজীব খান বলেন, “শ্রমিকের গুলি লাগার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, যাচাই বাছাই করে দেখা হচ্ছে।”

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, রোববার গজারিয়া উপজেলার গোমতী নদীতীরের চরচাষিতে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায় কারখানাটির লোকজন।

“আকস্মিক হামলায় আনসার সদস্য ও বিআইডব্লিউটিএর স্টাফসহ চারজন আহত হন। অবস্থা বেগতিক দেখে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। তখন পুলিশ ১৩টি ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।”

প্যাসিফিক ডেনিমস কারখানার জেনারেল ম্যানেজার ইউনুস আলী জানান, পুলিশের গুলিতে কারখানাটির শ্রমিক ইসমাইল হোসেন আহত হয়েছেন। তাকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে মেঘনা-গোমতী তীরের তোলা ফকির নিটওয়্যার লিমিটেডের প্রায় তিন হাজার ফুট পাকা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও নদী তীরের নানা অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ’র কুমিল্লা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জোনের উপ-পরিচালক শরিফুল ইসলাম বলেন, নদী রক্ষায় বিধি মোতাবেকই এসব অভিযান পরিচালিত হয়। এই অভিযানে গজারিয়ায় বসুরচর লঞ্চঘাট এলাকা ও মেঘনা-গোমতী নদীর পাড় ঘেঁষে চরচাষীর ১০০ বিঘা জমি দখলমুক্ত হয়েছে।