বরিশালে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল।
মৃতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালীর আব্দুস ছত্তার মোল্লা (৬০), বাউফল উপজেলার হেলালউদ্দিন হাওলাদার (৭০), মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর এলাকার সাইদ সিকদার (২০) ও পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের আব্দুর রহমান (৭০)।
তাদের মধ্যে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩৫৪ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে গত ৭২ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪০ জন; এ সময়ের মধ্যে মারা গেছেন ১৫ জন। আর চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১২৯ রোগী।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন ডেঙ্গু রোগী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন।
এ ছাড়া বরিশালের অন্যান্য হাসপাতালে ৫৪ জন, পটুয়াখালীতে ৩৪ জন, ভোলায় ৫৬ জন, পিরোজপুরে ৪৭, বরগুনায় ৪২ ও ঝালকাঠিতে ১১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৮ হাজার ৫৩৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন; এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩৪১ জন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
