Published : 28 Jan 2025, 09:50 PM
মানুষের কাছ থেকে দূরে সরে গেলে ৫ অগাস্টের মত পরিণতি ভোগ করতে হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “আপনার পেছনে পাবলিক না থাকলে আপনি কিসের নেতা? মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে। অর্থাৎ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। কেউ এই আস্থা নষ্ট করার মত কিছু করেন তাহলে তাকে আমার পক্ষে টানা সম্ভব না।
“যে খারাপ তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। জনবিচ্ছিন্ন হলে কী হয় তা আমরা ৫ অগাস্টে দেখেছি। এর থেকে শিক্ষা নিতে হবে। এজন্য জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে কাছে রাখতে হবে।”
মঙ্গলবার বিকালে সাতক্ষীরায় ‘৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

তারেক রহমান বলেন, “মানুষ বিশ্বাস করে সামনে নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করার। সরকার গঠন করলে বিএনপি মানুষের জন্য বা দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের আস্থা আছে। এখন ভাবতে হবে কেন মানুষ বিএনপির নেতাকর্মীদের কাছে প্রশ্ন করে? কারণ তারা ভাবে বিএনপিই তাদের জন্য কিছু করতে পারবে।”
তিনি বলেন, “সামনে একটি নির্বাচন আমাদের পার হতে হবে। এজন্য ৩১ দফা মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে কাছে রাখুন।”
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব চেয়ারম্যান আব্দুল আলিম।