সাগরে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর মিলল পর্যটকের লাশ
পর্যটন সেলের নির্বাহী হাকিম জানান, লাশ উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটের পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয়েছে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
মৃত মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানা ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।
বুধবার সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে ৫ জন স্রোতের টানে ভেসে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুজন ভেসে যেতে থাকেন।
পরে লাইফগার্ড কর্মীরা ভেসে যাওয়াদের মধ্যে একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করলেও সজীব ভেসে যান। তাকে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যদের উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।
এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্ট সাগরে জোয়ারের পানিতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্টদের খবর দেন। পরে প্রশাসন ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
পরে সজীবের স্বজনদের বিষয়টি জানানো হয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন।
পর্যটন সেলের এ নির্বাহী হাকিম আরও জানান, লাশ উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে লাশটি স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
