১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শেরপুর ‘সুদের টাকা না দেওয়ায়’ যুবককে গাছে বেঁধে নির্যাতন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে সোমবার সকালে এই যুবককে উদ্ধার করে পুলিশ।

শেরপুর ‘সুদের টাকা না দেওয়ায়’ যুবককে গাছে বেঁধে নির্যাতন

শেরপুর সদরে এক যুবককে গাছে বেঁধে নির্যাতন।

শেরপুর প্রতিনিধি

Published : 05 Jun 2023, 09:20 PM

Updated : 05 Jun 2023, 09:20 PM

শেরপুর সদরে ছয় হাজার টাকা পরিশোধের পর সুদ না দেওয়ায় এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার সকালে উপজেলার চক আন্ধারিয়া গ্রাম থেকে এই যুবককে উদ্ধার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি মো. বছির আহমেদ বাদল জানান।

নির্যাতনের শিকার মো. সাইফুল ইসলাম (২৩) ওই গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর বনানী থেকে কমলাপুর চলাচলকারী ৬ নম্বর বাসে চালকের সহকারী হিসেবে কাজ করেন। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছেন।

সাইফুল বলেন, “বিপদে পড়ে স্থানীয় দাদন ব্যবসায়ী আব্দুল মালেকের কাছ থেকে চার মাস আগে সুদে ছয় হাজার টাকা নেই। প্রতি মাসে লাভের একটা অংশ পরিশোধও করি।

“রোববার সন্ধ্যায় আসল ছয় হাজার টাকা মালেককে ফেরত দেই। কিন্তু মালেক লাভের অতিরিক্ত টাকা দাবি করেন। দিতে অপরাগতা প্রকাশ করলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়।”

তিনি বলেন, ওইদিন রাতেই একদল লোক সাইফুলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে মালেকের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে রাতভর নির্যাতন করে।

পুলিশ জানায়, সাইফুলকে নির্যাতনের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। সোমবার সকালে ভিডিওটি পুলিশের নজরে পড়লে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি বাদল বলেন, নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এ ঘটনার পর থেকে সন্দেহভাজন জড়িতরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।