১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘দানা’: পিরোজপুরে প্রস্তুত ৫৬১ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় দানার প্রভাবে পিরোজপুরের নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি দেখা গেছে এবং জেলার কয়েক স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 11:09 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় পিরোজপুরে প্রস্তুত করা হয়েছে ৫৬১টি আশ্রয়কেন্দ্র। যার মধ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টার সেন্টার এবং ২৬৬টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮০ হাজার ৫০০ জন আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য দেন তিনি।

জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষসহ প্রতিটি উপজেলায় একটি টিম করা হয়েছে। প্রস্তুত রয়েছে ৬৫টি মেডিকেল টিম।

ঘূর্ণিঝড় মোকাবিলায় রেড ক্রিসেন্টের ২৫০ স্বেচ্ছাসেবক ও সিপিপি দুই হাজার ৪২০ জন সদস্যও প্রস্তুত আছেন বলে জানান জেলা প্রশাসক।

সভায় জানান হয়, আশ্রয়কেন্দ্রে থাকাকালীন মানুষের বাড়ির মালামাল রক্ষায় নিরাপত্তা টহল বৃদ্ধি করবে এবং আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা ও মানুষের সহযোগিতার জন্য আনসার সদস্যরা কাজ করবেন।

এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে পিরোজপুরের নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি দেখা গেছে এবং জেলার কয়েক স্থানে হালকা বৃষ্টি হয়েছে।