অনুমোদন ছাড়াই বিএসটিআই-এর লোগো ব্যবহার করছিল টঙ্গীর ‘বঙ্গ সি ফুড’
ভোক্তা অধিকার জানায়, এ ছাড়া অবৈধভাবে শিশু খাদ্য তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, ওজনে কম দেওয়া, বিভিন্ন কেমিক্যাল যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা ছাড়াও বিভিন্ন অপরাধ করে বঙ্গ সি ফুড।
গাজীপুরের টঙ্গীতে অনুমোদন ছাড়াই বিএসটিআই-এর লোগো ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রি করায় বঙ্গ সি ফুড প্রডাক্টসকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার টঙ্গী এলাকায় অভিযানে এ জরিমানা করা হয় বলে গাজীপুরে কর্মরত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল জানান।
তিনি বলেন, রবিনহুড ড্রিংকস, মিস্টার এডিবল জেল, আচার, শিশু খাদ্য, মুড়ি, সরিষার তেল, টোস্ট বিস্কুট, হলুদ ও মরিচের গুঁড়া, মাংসের মসলার প্যাকেটে লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করতে দেখা গেছে বঙ্গ সি ফুড প্রডাক্টসের পণ্যে। এ ছাড়া অবৈধভাবে শিশু খাদ্য তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, ওজনে কম দেওয়া, বিভিন্ন কেমিক্যাল যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, ল্যাবের ফ্রিজে বিভিন্ন রিএজেন্টের সঙ্গে পচা কাঁচা মরিচ ও গুড় সংরক্ষণ করার অপরাধে বঙ্গ সি ফুড প্রডাক্টসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম ও গাজীপুরের জেলা প্রশাসন ছিলেন।
