বাঁধ প্রকল্পে অনিয়ম: ময়মনসিংহে পাউবো কার্যালয়ে দুদক
যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা।
ময়মনসিংহে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজে পাউবোর অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক।
বৃহস্পতিবার দিনভর ঈশ্বরগঞ্জের মরিচার চর ব্রহ্মপুত্র নদের বাঁধ এবং নগরীর টাউন হল মোড় সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড-পাউবোর কার্যালয়ে দুদক অভিযান চালায়।
দুদকের অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন ও বুলু মিয়া।
রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, “ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মরিচাচর এলাকায় ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষা কাজের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
“পাউবো সংশ্লিষ্ট নথিপত্র তদন্ত শেষে আমরা বাঁধের এলাকা পরিদর্শন করেছি। পরবর্তীতে পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলীর কাছে এসে প্রয়োজনীয় নথিপত্র গ্রহণ করি। আমরা প্রাথমিকভাবে অনিয়ম পেয়েছি।”
এগুলো যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা।
এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, “কাজটি নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের সময় শুরু হয়। আমি দুই মাস ধরে এসেছি। কাজটি আমি নিজেও পরিদর্শন করেছি। আমার কাছে মনে হয়নি কোনো অনিয়ম হয়েছে। তবু দুদক যেহেতু তদন্ত করছে আমি প্রয়োজনীয় কাগজ দিয়ে সহযোগিতা করছি।”
