১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে দক্ষিণপাড়ার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 06:05 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘারপাড়া থানার ওসি মো. শাহাজালাল আলম। 

মারা যাওয়া শিশুরা হলো, জামদিয়া দক্ষিণপাড়ার নিছার আলী-মিনা খাতুন দম্পতির মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা খাতুন (১০) এবং আশিকুর রহমান-কাকলি বেগমের মেয়ে ফাহিমা আক্তার (১০)।

স্থানীয়দের বরাতে ওসি শাহাজালাল আলম বলেন, শুক্রবার সকালে তিন শিশু একসঙ্গে বাড়ির পাশের ইকরাম মোল্যার পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে তিন শিশুর প্রাণহানির ঘটনায় পুরো জামদিয়া দক্ষিণপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। 

ওসি মো. শাহাজালাল আলম আরও জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।