কনস্টেবল নিয়োগ: কুড়িগ্রামে অন্যের পরীক্ষা দিতে এসে যুবক আটক
মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে ওই যুবক আরেক জনের হয়ে লিখিত পরীক্ষা দিতে বসেন বলে জানায় পুলিশ।
কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল নিয়োগে অন্যের হয়ে পরীক্ষায় দিতে আসা এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার সকালে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর লিখিত পরীক্ষার সময় ওই যুবককে আটক করা হয় বলে কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান জানান।
আটক ইয়াকুব আলী সাদ্দাম (৩০) রংপুরের পীরগঞ্জ উপজেলার গুরজী গ্রামের বাসিন্দা। তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন।
ওসি মাসুদুর রহমান বলেন, “সকালে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষা কুড়িগ্রাম পুলিশ লাইন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছিল। মাঠ পর্যায়ে বাছাই শেষে ইয়াকুব আলী আরেক জনের হয়ে লিখিত পরীক্ষা দিতে বসেন।
“তার কাগজপত্র ও আচরণ সন্দেহজনক মনে হলে টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে ইয়াকুব আলী আরেক জনের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।”
পরে বোর্ডের সদস্যরা তাকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করে বলে জানান তিনি।
আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান।
