বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লি চিকিৎসক নিহত
নিহত পল্লি চিকিৎসক আফছার আলী গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য ছিলেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধ এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে খাদ্য গুদামের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লি চিকিৎসক আফছার আলী (৬৩) উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের প্রয়াত বছির উদ্দিনের ছেলে। তিনি গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য ছিলেন।
আফছার আলীর মেয়ে জামাই জিয়াউর রহমান জানান, দুপুরে আফছার আলী তার দুপচাঁচিয়া পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার বাসা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি আমঝুপি যাচ্ছিলেন।
“দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্য গুদামের অদূরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ও একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে তিনি গুরুতর আহত হন।”
জিয়া জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; সেখানে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল; পথে তিনি মারা যান।
দুপচাঁচিয়া থানার ওসি আজাদ আবুল কালাম বলেন, “আমরা উপজেলার খাদ্যগুদাম এলাকায় একটি দুর্ঘটনার খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
