মামলা না নেওয়ায় চিলমারীর ওসিকে শোকজ
১৯ অক্টোবরের মধ্যে আদালতকে লিখিত দিতে হবে।
হামলার শিকার এক নারীর মামলা না নেওয়ায় কুড়িগ্রামের চিলমারী থানার ওসিকে কারণ দর্শানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার বিকালে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মজনু মিয়া এ আদেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) লিয়াকত আলী।
তিনি আরও বলেন, “নুরনেছা নামে এক নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামলা রেকর্ড করার আদেশের পাশাপাশি ওসিকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। আদেশের কপি থানায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মামলার আবেদনে বলা হয়, প্রতিপক্ষের হামলায় নুরনেছার (৫০) মাথা ফেটে যায়। তখন তিনি ছয় জনের বিরুদ্ধে চিলমারী থানায় মামলা করতে যান। আঘাতের কারণে মাথা ফেটে যাওয়ার স্থিরচিত্র এবং মাথায় সাতটি সেলাইয়ের চিহ্ন এবং হাসপাতালের সনদ থাকার পরও ওসি মামলা নথিভুক্ত করেননি। ওসি তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন।
আদালতের বেঞ্চ সহকারী লিয়াকত আলী বলেন, ফৌজদারি কার্যবিধি ও পুলিশ রেজুলেশনের বিধান অনুযায়ী ওসি আমলযোগ্য অপরাধের অভিযোগ রেকর্ড করতে আইনত বাধ্য। আইনের সুস্পষ্ট বিধান থাকার পরও একজন বিচারপ্রার্থী নাগরিককে থানা থেকে ফেরত দেওয়া ফৌজদারি কার্যবিধি ও পিআরবির বিধান লঙ্ঘন।
এ কারণে চিলমারী থানার ওসির বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট আদালতকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান লিয়াকত।
এ ব্যাপারে চিলমারী থানার ওসি আতিকুর রহমান বলেন, “ওই ভুক্তভোগী নারী আমার কাছে কোনো অভিযোগ নিয়ে আসেননি। আমি এখনও আদালতের আদেশের কপি পাইনি। কপি পেলে আদালতে গিয়ে জবাব দেব।”
