২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া টাকা মালিকের হাতে তুলে আনন্দে কনস্টেবল

“ভেবেছিলাম টাকাগুলো আর পাব না; কিন্তু মাইকিং শুনে পুলিশ আমাকে খবর দিল; গিয়ে শুনি কনস্টেবল মোহাম্মদ আলী টাকা পেয়েছেন।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 10:16 PM

Updated : 26 Apr 2023, 10:16 PM

সিলেটে এক পুলিশ সদস্যের সদিচ্ছায় রাস্তায় পকেট থেকে পড়ে যাওয়া সাড়ে ১৭ হাজার টাকা ফিরে পেয়েছেন এক ব্যক্তি।

টাকা হারিয়ে হতোদ্যম হয়ে স্বপন পাল নামে সেই ব্যক্তি শহরে মাইকিং করান। এরপর পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়।

বুধবার রাতে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাবের উপস্থিতিতে তার কার্যালয়ে টাকা হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, নগরীর নাইওরপুল পয়েন্টে দায়িত্ব পালনের সময় টাকাটা কুড়িয়ে পান মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল মোহাম্মদ আলী।

টাকাটা হারিয়েছিলেন নগরীর শিবগঞ্জের বাসিন্দা স্বপন পাল।

তিনি জানান, মোটরসাইকেলে করে আম্বরখানা যাওয়ার পথে নাইওরপুল পয়েন্টের কাছে থেমেছিলেন তিনি। সেখানে মনিব্যাগ থেকে এক পরিচিতের কাছে কিছু কাগজপত্র হস্তান্তর করেন। তখন পকেটে থাকা টাকা কাগজের সঙ্গে বের হয়ে সড়কে পড়ে যায়।

তাৎক্ষণিক কিছু বুঝতে পারেননি স্বপন। পরে যখন দেখেন পকেটে টাকা নেই, তখন শহরে মাইকিং করান। তার বক্তব্য শুনে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্বপন বলেন, “ভেবেছিলাম টাকাগুলো আর পাব না। কিন্তু মাইকিং শুনে পুলিশ আমাকে খবর দিল। গিয়ে শুনি কনস্টেবল মোহাম্মদ আলী টাকা পেয়েছেন।

“আমি ডিউটিরত সকল পুলিশ সদস্যদের ব্যবহারে মুগ্ধ। এত সৎ মানুষ আমি কম দেখেছি।”

কনস্টেবল মোহাম্মদ আলী বলেন, “কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে পেরে খুবই আনন্দিত।”