২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামাজ শেষে সাকিব বললেন, ‘ঈদটা আনন্দে কাটুক’

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে নিয়ে মাগুরার তরুণদের মধ্যে উন্মাদনা নতুন নয়। ঈদের দিন তাকে ঘিরে জমে যায় ভিড়। নামাজ শেষে কোলাকুলি করতে আসতে থাকেন বহু মানুষ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 12:42 PM

Updated : 22 Apr 2023, 12:42 PM

দেশবাসীর ঈদটা আনন্দে কাটবে, এই কামনা করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

শনিবার নিজের এলাকা মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান জামাতে ঈদুল ফিতরের নামাজ পড়েন তিনি। এরপর সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ে এই কামনা করেছেন দেশসেরা ক্রিকেটার।

সকাল ৯ টায় এই জামাতে অংশ নেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হাদয়ার টুটুলও। তবে মধ্যমণি ছিলেন সাকিবই।

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে নিয়ে মাগুরার তরুণদের মধ্যে উন্মাদনা নতুন নয়। ঈদের দিন তাকে ঘিরে জমে যায় ভিড়। নামাজ শেষে কোলাকুলি করতে আসতে থাকেন বহু মানুষ।

সাকিবের সঙ্গে তার বাবা মাশরুর রেজা কুটিল এবং খালাত ভাই ক্রিকেটার নুরুল আমিন সোহানও নামাজ পড়েন।

নামাজ শেষে জেলা প্রশাসকসহ অন্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন সাকিব। পরে তিনি দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বার্তা রাখেন।

গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশের মানুষদের উদ্দেশে সাকিব বলেন, “সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি ঈদটা আনন্দে কাটবে।”