বলাইশিমুলে মাঠরক্ষা আন্দোলনকারীরা হয়রানির শিকার: সুলতানা কামাল
কেন্দুয়া থানায় উপজেলা প্রশাসনের করা দুটি মামলায় স্থানীয় ৮২ জনকে আসামি করা হয়েছে।
নেত্রকোণার কেন্দুয়ার বলাইশিমুল মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর সরানোসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি উঠেছে সমাবেশ থেকে।
শুক্রবার বিকালে বলাইশিমুল গ্রামের ঈদগাঁ ময়দানে এই সমাবেশ আয়াজন করা হয়।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে বাপার সভাপতি সুলতানা কামাল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বলছেন প্রত্যেক ওয়ার্ডে খেলার মাঠ থাকবে। কোনো উন্মুক্ত জায়গা বন্ধ করা যাবে না। জলাশয় দখল করা চলবে না। আপনারাও একই কথা বলছেন। তা হলে আপনাদেরকে কেন পুলিশি হয়রানি সহ্য করতে হবে?”
তিনি বলেন, কিছু গোষ্ঠীস্বার্থের জন্য সাধারণ মানুষকে হয়রানির সংস্কৃতি থেকে হয়রানিকারীদের বেরিয়ে আসতে হবে। না আসতে চাইলে হয়রানি বন্ধে যে রকম আন্দোলন করতে হয় আমরা তাই করব।”
মাঠ রক্ষা গণকমিটির আহবায়ক আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে গণকমিটি আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বেসরকারি সংগঠন নিজেরা করির নির্বার্হী প্রধান খুশী কবির, ব্লাস্টের অনারারি ডিরেক্টর সারা হোসেন, বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবির, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সম্বয়ক সৈয়দা রত্না, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় ইউপি সদস্য কলি আক্তার, মামুনুল কবীর খান ও আজিজুল ইসলাম।
বক্তারা এই মাঠ থেকে আশ্রয়ণের ঘর অপসারণ ও স্থানীয়দের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামে শতবর্ষী একটি খেলার মাঠের এক পাশে স্থানীয় প্রশাসন আশ্রয়ণ প্রকল্প নির্মাণ শুরু করলে এলাকাবাসী মাঠ রক্ষার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন।
বর্তমানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় ওই মাঠে আশ্রয়ণ প্রকল্পের কাজ স্থগিত রয়েছে।
গ্রামের এক একর ৮৭ শতক জমির মধ্যে খেলার মাঠের ৪৬ শতক জায়গার শ্রেণি পরিবর্তন করে সেখানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের ঘর নির্মাণের কাজ চালিয়ে কেন্দুয়ার সাবেক ইউএনও মাহমুদা বেগম এলাবাসীর মাঝে বেশ আলোচনায় আসেন।
এলাকাবাসী জানায়, শত বছরের ঐতিহ্যবাহী এই মাঠে বলাইশিমুল গ্রাম ছাড়াও বেজগাঁও, কমরপুড়া, শিবপুর, সরাপাড়া, গোপালপুর, রাজাইলসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের শিক্ষার্থীসহ স্থানীয়রা খেলাধুলা করে। মাঠটি সরকারি রেকর্ডপত্রেও খেলার মাঠ হিসেবে আছে।
পুলিশ প্রহরায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণকাজ চলমান থাকাকালে চলতি বছরের ২ জুন রাতে নির্মাণাধীন দুইটি ঘরের ইটের গাঁথুনি ভেঙে ফেলে অজ্ঞাত লোকজন। এ ঘটনায় কেন্দুয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কাজী মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এ ঘটনার পর ১৩ অগাস্ট ভোরে আবার নির্মাণাধীন দুইটি ঘরের চালে আগুন দেয় অজ্ঞাত লোকজন।
পরদিন এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।
এর এক পর্যায়ে প্রকল্পের পরিস্থিতি নিয়ে কেন্দুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মাহমুদা বেগম প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিংয়ে মাহমুদা বলেন, মাঠ দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে না। মাঠের জমির পরিমাণ এক একর ৮৭ শতাংশ। মাঠটির চার পাশ থেকে ৭৬ শতাংশ জমি অবৈধ দখল হয়ে যায়। পরে তা উদ্ধার করে ৪৬ শতাংশ জমি শ্রেণি পরিবর্তনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। এখানে ঘরের ইস্যুটাকে ব্যবহার করা হচ্ছে। যারা বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য হলো সরকারি জমি দখল করে রাখা।
এর পেছনে স্থানীয় একজন সাবেক সংসদ সদস্য, একজন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা কলকাঠি নাড়ছেন বলেও গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ইউএনও অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সরকারি দলের কিছু লোকসহ বিএনপি, জাতীয় পার্টি, বাম দলের কিছু লোক আশ্রয়ণ প্রকল্পকে ব্যবহার করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে।
এক্ষেত্রে প্রয়োজনে সব বলাইশিমুলবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন তিনি।
ইউএনওর ওই বক্তব্যের ভিডিও নিজের ফেইসবুকে দিয়েছিলেন দৈনিক সংবাদের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য হুমায়ূন কবীর।
এ কারণে ইউএনও মাহমুদা বেগমের বিরুদ্ধে মোবাইল ফোনে ওই সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
এ বিষয় হুমায়ূন কবীর বলেন, প্রেস ব্রিফিংয়ের বক্তব্য ফেইসবুকে দেওয়ার কারণে তাকে মামলার আসামি করার হুমকি দেন ইউএনও। আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন দেওয়ার ঘটনায় যে মামলা হবে সেই মামলায় তাকে আসামি করারও হুমকি দেওয়া হয়।
এরপর ২৪ অগাস্ট ইউএনও মাহমুদা বেগমকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় মদন উপজেলায় বদলি করে। তার একদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় মাহমুদা বেগমকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করে।
আরও পড়ুন:
