২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আগুন: মামলায় ৫৬ আসামির জামিন

নেত্রকোণা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এই জামিন দেন

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আগুন: মামলায় ৫৬ আসামির জামিন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৫৬ জন আসামিকে জামিন দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2022, 04:15 PM

Updated : 17 Aug 2022, 04:15 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৫৬ জন আসামিকে জামিন দিয়েছে আদালত।

বুধবার দুপুরে নেত্রকোণা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক এই জামিন আদেশ দেন বলে আদালত পরিদর্শক বরুণ সরকার জানান।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশিদ বলেন, ৫৬ আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক অঞ্জন কান্তি দাস সবার জামিন দেন।

শনিবার ভোরে উপজেলায় বলাইশিমুল গ্রামের আশ্রয়ণে প্রকল্পে প্রধানমন্ত্রী উপহারের নির্মাণাধীন ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মেশকাতুল ইসলাম বাদী হয়ে রাতে দ্রুত বিচার আইনে মামলাটি করেন।

মামলায় ৬৩ জনের নামোল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন আসামি কারাগারে আছেন।

এর আগে ৩০ জুন রাতে ‘একদল দুর্বৃত্ত’ প্রকল্পে পাহারারত গ্রাম পুলিশকে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণাধীন ঘর ভাঙচুর করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়। এর আড়াই মাসের মাথায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এলাকাবাসী, স্থানীয় প্রশাসন ও পুলিশ জানায়, বলাইশিমুল গ্রামের একটি মাঠে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা হচ্ছে। গ্রামের মানুষদের একটি অংশ মাঠটি রক্ষা করে অন্য কোথাও আশ্রয়ণ প্রকল্পের দাবি তোলে। অপরদিকে উপজেলার প্রশাসন দাবি করছে, বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে ঘর তৈরি করা হচ্ছে। মাঠও সেখানে থাকবে।

এই দ্বন্দ্বের মধ্যে সেখানে ১২টি ঘর নির্মাণের কাজ শুরু হয়।

বলাইশিমুল মাঠ রক্ষার দাবিতে আন্দোলনকারীরা নির্মাণকাজ বন্ধ করার জন্য নিম্নআদালতে গিয়ে ফিরে এলেও; ১৪ অগাস্ট হাইকোর্ট তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি আদেশ দেয়। আদেশে নির্মাণকাজের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেওয়া হয় এবং আগামী ৬০ দিনের মধ্যে এই বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে নেত্রকোণা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে আদালত।

একইসঙ্গে মাঠটির শ্রেণি পরিবর্তন কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন বলাইশিমুল মাঠটিকে মাঠ হিসেবে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হবে না— জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

হাইকোর্টের নির্দেশ মেনে নেত্রকোণার বলাইশিমুল মাঠে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম। এ সময় তিনি আপিলে যাওয়ার কথাও বলেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

হাই কোর্টের নির্দেশে বলাইশিমুল মাঠে ঘর নির্মাণ বন্ধ থাকবে: ইউএনও
প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আগুন: মামলার পর গ্রেপ্তার ৩
নেত্রকোণায় প্রধানমন্ত্রী উপহারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ
সাংবাদিককে ‘হুমকি’, কেন্দুয়ার ইউএনওকে সতর্ক করলেন ডিসি